যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।সকালে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার বেলাল হোসেন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পরিষদ, ঠাকুরগাঁও পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।এ ছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপি, পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রফিকুল হকের সভাপতিত্বে সভায় বক্তারা আবু সাইদসহ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।/
রাজনীতি
ঠাকুরগাঁওয়ে বিনম্র শ্রদ্ধায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

শেয়ার করুন







