বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রের সামনে পুলিশের উপস্থিতিতেই ২ পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে বাগেরহাট সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের ভেতরে ও বাইরে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।হামলার শিকার ২ শিক্ষার্থী হলেন বাগেরহাট সরকারি পিসি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে ওই দুই শিক্ষার্থী কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাদের পুলিশের সামনেই এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।আহত শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদলের নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর এই হামলা চালিয়েছেন। ফেসবুক মেসেঞ্জারে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের দাবি।তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সামির বলেন, ‘হামলার শিকার শাহরিয়ার খান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে আসছিল। এ নিয়ে সহপাঠীদের সাথে তার ঝামেলা হয়েছে। এর সাথে ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।’বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এ জেড এম রুহুল কাদির বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত ও অন্যায়। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং শিক্ষার্থীদের নিরাপদে সরানোর চেষ্টা করেছি। বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) জানানো হয়েছে।’/