সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে তার সাজা কার্যকরের জন্য সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি বলেন, "শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময়ও ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর আমরাও নিয়মিত তাগাদা দিয়ে যাচ্ছি। আমরা চাই তিনি দেশে ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক।"এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যেহেতু তিনি ইতিমধ্যে আদালতে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাই এখন তার আত্মসমর্পণের কোনো সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই ভালো বলতে পারবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দেশে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।"পাশাপাশি, দেশের বাইরে থাকা অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের ফিরিয়ে আনতেও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমান সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।"স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের দিকে দেশজুড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার একটি পরিকল্পনা রয়েছে সরকারের।