সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের আপন দুই ভাই। একসঙ্গে দুই ছেলের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার।
বুধবার (১৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে (বাংলাদেশ সময়) রিয়াদ থেকে জেদ্দায় ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই ভাই। পরে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার গণিপুর গ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)। তারা ওই গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।
নিহতদের বাবা আব্দুল মালেক জানান, তার দুই ছেলে সৌদি আরবের জেদ্দায় ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনীয় মালামাল কিনতে তারা রিয়াদে গিয়েছিলেন। সেখান থেকে মালামাল নিয়ে জেদ্দায় ফেরার পথে তাদের গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কাজল কায়েস/কেএইচকে/জেআইএম








