সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণ করা প্রতিটি চারাগাছের তথ্য সংরক্ষণ ও অগ্রগতি পর্যবেক্ষণে খুব শিগগির উন্মুক্ত করা হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’। অ্যাপটির মাধ্যমে চারাগাছের অবস্থান, পরিচর্যা ও বেঁচে থাকার তথ্য ডেটাভিত্তিকভাবে পর্যবেক্ষণ করা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘সেল’-এর সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ তথ্য জানানো হয়। এ সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সভায় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, কর্মসূচির আওতায় রোপণ করা চারাগাছ নিখুঁতভাবে ট্র্যাকিং ও ডেটাভিত্তিক পর্যবেক্ষণের জন্য ‘ট্রি মনিটরিং অ্যাপ’ শিগগির উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে বৃক্ষরোপণের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষণ সহজ হবে।
আরও পড়ুন
১১ লাখের বেশি বৃক্ষরোপণ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির চলমান কার্যক্রমের হালনাগাদ অগ্রগতি তুলে ধরেন। এসব তথ্য পর্যালোচনা করে কর্মসূচির বাস্তবায়ন আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশির জেবি উপস্থিত ছিলেন।
এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম, যুগ্ম সচিব শাহানারা ইয়াসমিন লিলী, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
আরএমএম/এএমএ








