সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে নাদিম হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লায়।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা সামাদ মিয়ার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
নিহত নাদিম হোসেন জেলার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।জীবিকার তাগিদে ১০ মাস আগে সৌদি আরবে যান।
আরও পড়ুন
সৌদিতে একসঙ্গে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের দুই সহোদর
স্বজনরা জানান, নাদিম কারখানার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে সেটির ভেতরে প্রবেশ করেন। এসময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরেই আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সৌদি পুলিশ।
ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন বাবা সামাদ মিয়া। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবির পাশাপাশি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে সব ধরনের সহযোগিতা করা হবে।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম








