আগের মতোই প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর ১২ আগস্ট আলাদাভাবে পালিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদ্‌যাপন করত। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দুটি দিবস একই দিনে পালিত হয়।

মন্ত্রিসভায় উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, বর্ষাকালে ১২ আগস্ট একসঙ্গে দুই দিবস উদ্‌যাপন করায় যুব র‍্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক চলছে

এতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। অন্যদিকে জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদ্‌যাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদ্‌যাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

আরএমএম/এমআইএইচএস/