পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ‘ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের’ আয়োজনে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুর রহমান লুলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু, রাজনীতিক আতাউর রহমান পাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল পাকশী শাখার সম্পাদক খোন্দকার সোহেল রানা, শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আকরাম রায়হান বাবু, সাইফ হাসান সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বস্ত সূত্রে জেনেছি জেলাবাসীর সুবিধার্থে শিগগিই পাবনা শহর থেকে ঢাকামুখি একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে। এ নিয়ে রেলওয়েতে প্রস্তুতিও চলছে। রেল মন্ত্রী শেখ রবিউল আলমও গত ২০ জুন পাবনা সার্কিট হাউজে প্রেস ব্রিফিংয়ে নতুন ট্রেন আগষ্টে পাবনা শহর থেকে চালু করা হবে বলে জানিয়েছেন। তবে নাগরিক কমিটির পক্ষ থেকে গভীরভাবে লক্ষ্য করছি প্রস্তাবিত ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন উপেক্ষা করে অন্য স্টেশন দিয়ে চলাচলের পরিকল্পনা চলছে। যা ঈশ্বরদীবাসী কোনো ভাবেই মেনে নিবে না।
মানববন্ধন শেষে জোটের পক্ষ থেকে রেল সচিব ও রেলওয়ে মহাপরিচালক বরাবর দুটি স্মারকলিপি দেওয়া হয়। পাকশীতে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের দপ্তরে স্মারকলিপি গ্রহণ করেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা এবং উপজেলা পরিষদে গ্রহণ করেন ঈশ্বরদীর ইউএনও।
শেখ মহসীন/এএইচ/জেআইএম








