ঝিনাইদহের শৈলকূপায় রাতের আঁধারে এক প্রতিবন্ধী কৃষকের এক বিঘা জমির শতাধিক ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার সম্ভাব্য ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ওই কৃষক।
বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে উপজেলার গোকুলনগর উত্তরপাড়া গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কৃষকের নাম আলমগীর হোসেন। তিনি শারীরিকভাবে একজন প্রতিবন্ধী মানুষ।
কৃষক আলমগীর হোসেন জানান, দুই মাস আগে এক বিঘা জমিতে শতাধিক লাউ গাছ লাগান তিনি। এক মাস পরেই গাছে লাউ ধরা শুরু করে। গত ২৪ দিনে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন কৃষক আলমগীর। এরই মধ্যে গত রাতে কে বা কারা ফলন্ত লাউ গাছ কেটে দেয়। এতে চরম লোকসানে পড়েছেন ওই কৃষক। এ ঘটনা জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শৈলকূপা থানার তমালতলা পুলিশ ক্যাম্পের একটি টিম।
স্থানীয় হারুন অর রশিদ হেলাল বলেন, মানুষ কীভাবে একজন কৃষকের ফসলের ক্ষতি করতে পারে? এটা অত্যন্ত অমানবিক একটি কাজ। ফসলের সঙ্গে শত্রুতা জীব হত্যার শামিল। আমরা এ ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন বলেন, ক্ষেতে কয়েকশ’ লাউ গাছ ছিল। সব গাছে কয়েক হাজার লাউ ধরেছে। গত তিন সপ্তাহে প্রায় ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। শত্রুতা করে কে বা কারা আমরা সব লাউ গাছ কেটে দিয়েছে। আমার একটি হাত অচল। সংসার চালাবো কি দিয়ে? আমি সঠিক বিচার চাই।
শৈলকূপা উপজেলার তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই শামিনুর রহমান বলেন, লাউ গাছ কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষক ও প্রতিবেশী কৃষকদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
এম শাহাজান/কেএইচকে/জেআইএম








