শিক্ষার্থীদের চলমান আন্দোলন, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে একটি স্বার্থান্বেষী মহল 'ঘোলা পানিতে মাছ শিকার' করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সরকার বিষয়টিকে খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছে না বলে জানিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা ঢাকা ও দেশের দু-একটি জেলায় কিছু স্পটে এমন তৎপরতা দেখেছি। যারা এসব বিষয় নিয়ে কথা বলছে, তাদের সংখ্যা খুব বেশি নয়। হয়তো মিডিয়ায় আসার কারণে বিষয়টি সামনে এসেছে এবং গুরুত্ব পেয়েছে। তবে এগুলোতে আমরা খুব একটা মনোযোগ দিচ্ছি না।"সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, "সরকারকে নানাভাবে বিব্রত করতে চায় এমন কিছু মহল তো সব সময়ই থাকে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা নিজেদের পরিচয় গোপন রেখে ফায়দা লোটার চেষ্টা করছে, যা ইতিমধ্যে সবার সামনে দৃশ্যমান হয়েছে। এমনকি যারা আন্দোলন করছে, তাদের অনেকের খোঁজ নিয়ে দেখা গেছে তারা আসলে ছাত্র বা পরীক্ষার্থীই না।"শিক্ষার্থীদের দাবির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "আন্দোলনকারীরা তাদের দাবি-দাওয়ার বিষয়টি শিক্ষামন্ত্রী ও সরকারকে জানিয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।"







