টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গত সোমবার এইচএসসি–সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারকে বিব্রত করতে একটি মহল যে রয়েছে, তা দৃশ্যমান। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে এই আন্দোলন করছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকে পরীক্ষার্থী নয়। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। যারা পরীক্ষার্থী, তারা সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট। সমস্যার সমাধান হয়ে গেছে।
এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, কারণ, যারা আন্দোলন করছে, তাদের সংখ্যা বেশি নয়।
বিগত অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে ঢুকে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই প্রবণতার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেবে সরকার। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
জুলাই–গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।








