রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম ‘কুশ’ মাদক জব্দ হয়েছে। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে অধিদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল হজরত শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক আব্দুল রহমান (৪৬) এবং মোহাম্মদ ইকবাল আনসারিকে (৪৫ সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৫ কেজি ১২০ গ্রাম কুশ মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন।




