রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা হত্যা মামলার এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানা থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে এ ঘটনার পরপরই যাত্রাবাড়ী থানার চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। কীভাবে আসামি থানায় পুলিশি হেফাজতে থাকার পরও পালিয়ে যেতে পারলেন, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
বৃহস্পতিবার রাতে ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, “সকালে কৌশলে থানা বা কক্ষের গেটের তালা খুলে মিতু আক্তার নামে আসামি পালিয়ে যান। সাধারণত নারী আসামিদের ক্ষেত্রে সব সময় হ্যান্ডকাফ পরানো থাকে না, সেই সুযোগটি কাজে লাগিয়ে এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি সটকে পড়েন।”
পুলিশ সূত্রে জানা গেছে, মিতু আক্তার যাত্রাবাড়ীর হাজী সোহেল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে ছিলেন। মামলায় ৩ দিনের পুলিশি রিমান্ডে ছিলেন এবং বৃহস্পতিবারই তার রিমান্ডের শেষ দিন ছিল। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছিল, কিন্তু আদালতে নেওয়ার ঠিক কিছুক্ষণ আগেই তিনি থানা থেকে পালিয়ে যান।




