মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচার দোকানে রাখা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় দোকানের মালিকসহ আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে এলাকার রবিউল মাতুব্বরের ফার্নিচার দোকানে কাজে যোগ দেন শ্রমিকেরা। একপর্যায়ে দোকানে থাকা কেমিক্যালভর্তি একটি ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশু শ্রমিক নিরব ও দোকানের মালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত দোকানমালিক রবিউল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’








