ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার মাধবপুর বাজারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিক অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য দেন বিএনপির সম্পাদক হামিদুর রহমান হামদু, বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ব্যবসায়ী নেতা ইমরান খান, স্বপন রায়, মনোজ পাল ও আবুল বাশার হাফেজ শামীম প্রমুখ।

বক্তারা বলেন, সোনাই নদীর তীরে গড়ে ওঠেছে মাধবপুর উপজেলা প্রশাসনিক ভবন, থানাসংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ মাধবপুর বাজার। ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশে বিস্তৃত এসব গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের কেন্দ্রবিন্দু। বিজয়নগর, নাসিরনগর, চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের মানুষ প্রতিদিন কেনাকাটা, চিকিৎসা, শিক্ষা ও সরকারি সেবা গ্রহণের জন্য এখানে আসেন।