টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কের পাশের বিদ্যুতায়িত হয়ে যাওয়া বিদ্যুৎ খুঁটি স্পর্শ করায় মাসুদ রানা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বনাঞ্চল রসুলপুর বিমান ঘাঁটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কোনো কারণে বিদ্যুতায়িত হয়ে যাওয়া খুঁটির সংস্পর্শে এসে মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাগড়াছড়ির মাটিরাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষার কারণে রাস্তা ভেঙে যাওয়ায় পাশের বাড়ির ফজর আলী নামে এক ব্যক্তি আব্দুল মালেকের বাড়ির বারান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান। শুক্রবার দুপুরে মাল্টিপ্লাগ খুলতে গিয়ে আব্দুল মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।







