রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার রেলক্রসিংয়ের পাশ থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ শাহজাহান বলেন, মগবাজার রেলক্রসিং এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই বৃদ্ধা নারীকে পড়ে থাকতে দেখি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাই।

তিনি আরও বলেন, ওই এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধা নারী ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ