মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে অপূর্ব বিশ্বাসের স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির উঠানে টানানো একটি জিআই তারের ওপর কাপড় শুকাতে দেন। এ সময় বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনি ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে অপূর্ব দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী ও শিশুসন্তান এ ঘটনায় আহত হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। এটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

অপূর্ব বিশ্বাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।