মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ খান শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।
নিহতের বড় ভাই মুরাদ খান বলেন, আমার ভাই বিদ্যুৎ অফিসে মূলত ভ্যান চালাতো। তাকে কেন বিদ্যুতের খুঁটিতে ওঠানো হলো? খুঁটিতে উঠিয়ে লাইন বন্ধ করার পর আবার চালু করায় সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই।
শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন জানান, দুপুরে তখলপুর গ্রামে ট্রান্সফরমার মেরামতের জন্য দুজন লাইনম্যান পাঠানো হয়েছিল। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহালসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








