বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট বিশ্বজুড়ে আরও ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। হিসাব অনুযায়ী, কোম্পানিটির মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ এই প্রক্রিয়ায় ছাঁটাই হতে যাচ্ছেন। নতুন এ ছাঁটাইয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়বে গেমিং বিভাগ এক্সবক্সে।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেন, প্রযুক্তি খাত দ্রুত বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম—এমন ক্ষেত্রগুলোয় আরও বেশি মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত।
এই পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্স বিভাগে তাৎক্ষণিকভাবে ১ হাজার ৬০০ পদ বিলুপ্ত করা হবে। আগামী এক বছরে আরও ১ হাজার ৬০০ কর্মী চাকরি হারাবেন। অর্থাৎ এক্সবক্স থেকেই ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই হবেন, বাকি কর্মীরা অন্যান্য বিভাগের।
সম্প্রতি এক্সবক্সের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়া আশা শর্মা কর্মীদের উদ্দেশে দেওয়া এক নোটে বলেন, এটি এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন। তাঁর ভাষায়, ‘এই পরিবর্তনের লক্ষ্য এক্সবক্সকে ছোট করা নয়, বরং আরও শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলা।’
শর্মা আরও বলেন, ‘ইতিহাসে এমন অনেক প্রতিষ্ঠানের উদাহরণ আছে, যারা মনে করেছে, দীর্ঘদিন টিকে থাকাই ভবিষ্যতের নিশ্চয়তা। আমরা সেই ভুল করব না।’
পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্সের চারটি গেম ডেভেলপমেন্ট স্টুডিও—কম্পালশন গেমস, ডাবল ফাইন প্রোডাকশনস, নিনজা থিওরি ও আনডেড ল্যাবস—স্বতন্ত্রভাবে পরিচালিত হবে।
অ্যামি কোলম্যান আরও বলেন, এই ছাঁটাই হওয়া পদগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পূরণ করা হবে না। তবে তিনি স্বীকার করেন, এআই কর্মপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে।
গেমিং শিল্পে কঠিন সময়
গেমিং শিল্প এমনিতেই কঠিন সময় পার করছে। বিগত কয়েক বছরে অনেক স্টুডিও কর্মী ছাঁটাই করেছে।
২০২৪ সালে মাইক্রোসফট এক্সবক্স বিভাগ থেকে দুই হাজারের বেশি কর্মী ছাঁটাই করে। সে বছর তারা ভিডিও গেমের ক্ষেত্রে নামী প্রতিষ্ঠান অ্যাকটিভিশন-ব্লিজার্ড অধিগ্রহণ করে। এর আগে তারা আরও চারটি স্টুডিও কিনেছিল। কিন্তু অ্যাকটিভিশন ব্লিজার্ড কেনার পর ওই চারটি স্টুডিও বন্ধ করে দেয় তারা।
এর এক বছরের কিছু বেশি সময় পরই কোম্পানিটি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা আছে তাদের। পাশাপাশি তারা আরও জানায়, আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করা হবে। নতুন ছাঁটাইয়ের ঘোষণা তার অংশ কি না, সে বিষয়ে অবশ্য পরিষ্কার কিছু বলা হয়নি।
এদিকে হার্ডওয়্যারের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান পুরোনো গেমিং কনসোল ও অন্যান্য ভোগ্যপণ্যের দামও বাড়িয়েছে। অনেক বিশ্লেষকের মতে, এআই ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে।
আশা শর্মা বলেন, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিঃসন্দেহে বেদনাদায়ক। তবে এক্সবক্সের কনটেন্ট, প্ল্যাটফর্ম ও পরিচালনার কাঠামোজুড়ে নতুনভাবে পুনর্বিন্যাস প্রয়োজন।
প্রযুক্তিবিশ্লেষক পাওলো পেসকাতোরে বিবিসিকে বলেন, এটি এক্সবক্সের জন্য বড় ধরনের পুনর্গঠন। তাঁর মতে, শুধু ব্যয় কমানোই এখন চ্যালেঞ্জ নয়; বরং এমন সময়ে এক্সবক্সের পরিচয় কী হবে, তা–ও নির্ধারণ করতে হবে। যখন গেমিং কনসোল, পিসি, ক্লাউড ও সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে, তখন এটা জরুরি।
স্টুডিওর কাঠামোগত পরিবর্তন
পুনর্গঠনের অংশ হিসেবে মাইনক্রাফটে নির্মাতা মোজাং ও ক্যান্ডি ক্রাশের নির্মাতা কিং সরাসরি আশা শর্মার অধীন কাজ করবে।
অ্যাম্পিয়ার অ্যানালাইসিসের পিয়ার্স হার্ডিং-রোলস বলেন, এই পুনর্গঠন থেকে বোঝা যায়, এক্সবক্সের গেম স্টুডিওগুলোর ভবিষ্যৎ কৌশল হবে সবচেয়ে জনপ্রিয় গেম ফ্র্যাঞ্চাইজিগুলোকে অগ্রাধিকার দেওয়া। সেই সঙ্গে সর্বাধিকসংখ্যক খেলোয়াড়কে লক্ষ্য করে কনটেন্ট তৈরি করবে তারা।
পায়ার্স হার্ডিং রোলসের মতে, গেম পাসের কনটেন্ট সমৃদ্ধ করতে অতীতে মাইক্রোসফট অনেক স্টুডিও অধিগ্রহণ করেছিল। তবে এখন প্রতিষ্ঠানটি মনে করছে, কিছু স্টুডিও ও তাদের তৈরি গেম এক্সবক্সের বাইরে স্বাধীনভাবে পরিচালিত হলে ভালো করবে। অন্তত সেগুলো বন্ধ না করার সিদ্ধান্ত ইতিবাচক।








