প্যান-ইন্ডিয়া অ্যাকশন থ্রিলার ‘মাইসা’ নিয়ে ভক্তদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে সিনেমার নির্মাতারা শুটিং সেটের একটি মজার বিহাইন্ড-দ্য-সিন ছবি প্রকাশ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, সিনেমাটোগ্রাফার শ্রেয়াস কৃষ্ণর পিঠজুড়ে কাদামাখা হাতের ছাপ। মজার বিষয় হলো, এ ছাপগুলো রেখেছেন সিনেমার প্রধান অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুধু তাই নয়, নিজের ‘শিল্পকর্মে’ স্বাক্ষরও করেছেন তিনি। ছবিটি শেয়ার করে নির্মাতারা রসিকতা করে লেখেন, ‘মাইসার পক্ষ থেকে স্বাক্ষরিত। রক্তের দাগও শিগ্গির আসছে!’ নির্মাতাদের এ মন্তব্যকে অনেকেই সিনেমার অ্যাকশনঘন ও তীব্র আবহের ইঙ্গিত হিসাবে দেখছেন। যদিও ছবিটি শুটিং ইউনিটের প্রাণবন্ত সম্পর্কের একটি মজার মুহূর্ত তুলে ধরেছে, তবু ‘রক্তের দাগ’-এর উল্লেখ দর্শকদের সামনে অপেক্ষা করা রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যের আভাসও দিয়েছে। ভারতের প্রথম নারী-প্রধান প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা হিসাবে পরিচিত ‘মাইসা’য় রাশমিকা মান্দানাকে দেখা যাবে এক ভিন্ন রূপে। রাওয়িন্দ্রা পুল্লে পরিচালিত এ সিনেমা উপজাতীয় অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। যদিও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবু এটি নিয়ে দর্শকদের প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে।








