মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কতা জারি করেছে সরকার। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত মালয়েশিয়া গমনেচ্ছুদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর কোনো প্রকার যোগাযোগ, চুক্তি বা আর্থিক লেনদেন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
প্রবাসীকল্যাণ মন্ত্রী / ফের চালু মালয়েশিয়ার শ্রমবাজার, শিগগির বিনা খরচে কর্মী পাঠানো শুরু
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মী প্রেরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে কোনো প্রকার মেডিকেল টেস্ট করা বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে।
এছাড়া রিক্রুটিং এজেন্টদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্ট এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
অর্থবছর ২০২৬-২৭ / গাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়
মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যে কোনো বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বর: +০২-৪১০৩০২৪১, ইমেইল: [email protected] এবং মোবাইল নম্বর: ০১৭১৬০৪৮১১৫-এ সরাসরি যোগাযোগ করা যাবে।
আরএএস/কেএসআর








