গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পান্তাপাড়া বিলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় উপজেলার চণ্ডিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের প্রায় ৫০০ থেকে ৬০০ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা।স্থানীয় কৃষকদের অভিযোগ, আগে বর্ষার পানি সহজেই নেমে যেত। কিন্তু গত কয়েক বছর ধরে নিষ্কাশন নালা ভরাট হয়ে যাওয়া এবং একটি ব্রিজের অভাবে পানি আটকে থাকছে। রোপা আমন রোপণের উপযুক্ত সময় পেরিয়ে গেলেও বিলে হাঁটুসমান পানি জমে থাকায় চাষাবাদ শুরু করা যাচ্ছে না।বিলে ৮ বিঘা জমি রয়েছে কৃষক আবুল কাশেম মণ্ডলের। তিনি আক্ষেপ করে বলেন, “জমি পানির নিচে থাকায় নামতেই পারছি না। পানি বের হওয়ার কোনো পথ নেই। এভাবে চললে আমাদের পথে বসতে হবে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি।”কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, পান্তাপাড়া বিলের পানি নিষ্কাশনের জন্য একটি ব্রিজ ও নালা খনন জরুরি। তিনি বলেন, “শুনেছি একজন প্রভাবশালী ব্যক্তি ব্রিজ নির্মাণে বাধা দিচ্ছেন। এই কারণে দুই ইউনিয়নের হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, পান্তাপাড়া বিল এলাকায় আমন ধানই প্রধান ফসল। জলাবদ্ধতার কারণে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও এবার চারা রোপণ করা সম্ভব হয়নি। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন।ভুক্তভোগী কৃষকরা দ্রুত ব্রিজ নির্মাণ ও নিষ্কাশন খাল খনন করে বিলের পানি অপসারণের দাবি জানিয়েছেন।