সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারণ করায় নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগী যুবকের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যাদুকাটা নদীর শাখা শান্তিপুর নদী থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ওই নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেন এবং স্থানীয়দের তা প্রতিরোধের আহ্বান জানান।এমপির নির্দেশনা উপেক্ষা করে বুধবার ভোরে অভিযুক্ত মজিবুর রহমানের নেতৃত্বে একটি দল ১০-১২টি নৌকা নিয়ে শান্তিপুর নদী সংলগ্ন নজরুলের ফসলি জমি থেকে বালু উত্তোলন করছিল। এ সময় নজরুল ইসলাম তার মুঠোফোনে বালু উত্তোলনের ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তার ওপর হামলা চালায়। মারধরের পর নজরুলের মুঠোফোনটি ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মজিবুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘সকালে নজরুলরাই তাদের জমি থেকে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিই। এ কারণেই নজরুল ও তার ভাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।’নজরুলের শরীরে ও মাথায় জখম হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে তার ছোট ভাইয়ের সঙ্গে নজরুলের ধস্তাধস্তি হয়; তখন হাতে থাকা কোনো কিছুর আঘাতে নজরুলের মাথা সামান্য ছিলে গেছে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনীতি
তাহিরপুরে বালু উত্তোলনের ভিডিও করায় যুবককে মারধর

শেয়ার করুন







