রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেপ্তার কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাওছার ভুঁইয়া ওরফে শান্তই স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত মঙ্গলবার রাতে শান্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে আহত হলে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সাইফুল ইসলাম সিজু মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় মিরপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।