মেঘনার ভাঙন রোধে মুন্সীগঞ্জের গজারিয়ার ইসমানিরচরে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে জিওটেক্সটাইল ব্যাগ (জিও ব্যাগ) বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. কামরুজ্জামান রতন। বুধবার (৮ জুলাই) দুপুরে ইসমানিরচরের নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের তিনি এ প্রতিশ্রুতি দেন।বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন সাংবাদিকদের বলেন গজারিয়া উপজেলার ইসমানিরচরের ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাবাসীর জানমাল ও বসতভিটা রক্ষার লক্ষ্যে গত মে মাসে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়েছিলেন।উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে এমপি রতন বলেন, ভাঙনের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এর কার্যক্রম দেখতে পাবেন এলাকাবাসী। এর আগে, তিনি ইসমানিরচরের দেলোয়ার মিয়ার বাড়ি থেকে জেলে পাড়া পর্যন্ত ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা , মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি
ইসমানিরচরে নদী ভাঙন, জিও ব্যাগ বসানোর প্রতিশ্রুতি এমপি রতনের

শেয়ার করুন







