কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘জলবায়ু সহনশীল কৃষির জন্য ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন’ প্রকল্পে স্থাপিত মিনি কোল্ড স্টোরেজ সরেজমিন অনুসন্ধান ও প্রভাব মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘অনন্য সমৃদ্ধির কৃষির জন্য খামারবাড়ি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন’ প্রকল্প নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের বিষয়গুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই, প্রকল্পের কারিগরি দিক মূল্যায়ন এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে খামারবাড়ি সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (উপকরণ) মো. রওশন আলমকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অসুস্থ থাকায় তদন্ত কমিটির কার্যক্রম এখনো শুরু করিনি। আগামী সপ্তাহে প্রকল্পের কার্যক্রম অনুসন্ধান করব।’

কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপপরিচালক (প্রকল্প বাস্তবায়ন) ড. মো. শাখাওয়াত হোসেন শরীফ, গাজীপুরের জয়দেবপুর ফল বিভাগের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমান এবং পরিকল্পনা, বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা (প্রকল্প বাস্তবায়ন) জাহাঙ্গীর হোসেন।