কুমিল্লার চান্দিনায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি লরি পুকুরে পড়ে গেছে। এতে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার নূরীতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া (৩৫) এবং দেবিদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইয়া থেকে ছেড়ে আসা অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা অটোরিকশাতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক হানিফ মিয়া ও যাত্রী লাবিব হোসেনের মৃত্যু হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”