মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন এখন থেকে পুরোপুরি অনলাইনে করা যাবে। সরকারের এই নতুন ডিজিটাল ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে মালয় চেম্বার অব কমার্স মালয়েশিয়া (ডিপিএমএম)।
সংগঠনটির সভাপতি নরসিয়ারিন হামিদন বলেন, নতুন এই ব্যবস্থা বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করবে। এতে অপ্রয়োজনীয় জটিলতা কমবে এবং সব নিয়োগকর্তা সমান সুযোগ পাবেন।
গত ৬ জুলাই দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান জানান, বিদেশি কর্মী কোটা সংক্রান্ত সব আবেদন এখন থেকে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিসিএমএস)-এর ই-কোটা মডিউলের মাধ্যমে করা হবে। এর ফলে আগের মতো আলাদা বা কেসভিত্তিক অনুমোদনের প্রয়োজন হবে না।
ডিপিএমএম বলেছে, নতুন ব্যবস্থা চালুর পরও এর কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। আবেদন নিষ্পত্তির সময়, সিস্টেমের কার্যকারিতা এবং নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারকে কাজ চালিয়ে যেতে হবে।
সংগঠনটি আরও বলেছে, যেসব খাতে শ্রমিকের সংকট রয়েছে সেখানে বিদেশি কর্মী নিয়োগ প্রয়োজন। তবে একই সঙ্গে স্থানীয় নাগরিকদের জন্য কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগও অব্যাহত রাখতে হবে।
মালয়েশিয়ায় বর্তমানে বিদেশি কর্মী নিয়োগের কোটা শুধু উৎপাদন, নির্মাণ, কৃষি, প্ল্যান্টেশন এবং সেবা—এই পাঁচটি খাতের জন্য অনুমোদন দেওয়া হয়।
সূত্র: মালয় মেইল
এমএসএম








