মানিকগঞ্জের গোলড়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেছে। এতে ২ শিক্ষার্থী ও ১ নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকার আকিজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী একটি ট্রাকের সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এ সময় রাস্তা পারাপারের অপেক্ষায় থাকা ২ শিক্ষার্থী ও ১ নারী গুরুতর আহত হন। এ ছাড়া ট্রাকের ধাক্কায় চালকের সহকারীসহ (হেলপার) আরও ২ জন আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ৪ জন চিকিৎসাধীন থাকলেও এক নারীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, ট্রাকের চালক বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।/
রাজনীতি
মানিকগঞ্জে ট্রাকের চাকা ফেটে ৫ জন আহত

শেয়ার করুন







