নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করেন নতুন গান জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শ্রোতা-দর্শকদের সামনে হাজির হয়েছেন নতুন আরও একটি গান নিয়ে। শিরোনাম ‘মন ভালো নাই’। এটি লিখেছেন আহসান কবির, সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। গানটি ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘খুব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যখন চলে যায়, আর ফিরে আসে না, সেই না ফিরে আসায় একজন মানুষের মনের যে কষ্ট তাই এ গানে ফুটে উঠেছে। প্রিয় মানুষ চলে গেলে আর ফিরে না এলে সত্যিই মন ভালো থাকে না। গানটির কথা যেমন সুন্দর সুরটাও চমৎকার। সত্যি বলতে কী এখন তো গান শুধু প্রকাশের জন্যই প্রকাশ করি না, গান যেন শ্রোতা দর্শকের ভালোলাগে সে ভাবনা মাথায় রেখেই গান করি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’ এদিকে কিছুদিন আগে দুবাইতে একটি স্টেজ শোতে পারফর্ম করে এলেন মনির খান। বর্তমানে আরও কিছু নতুন গান নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী।








