নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে জিমেল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার হেতিমদী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।নিহত জিমেল উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় জিমেল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হেতিমদী ফ্লাইওভার পার হচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ফ্লাইওভারের সুরক্ষা রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।/