পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবী হাজার হাজার মানুষের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হলো।

শনিবার (২৭ জুন) সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে ফুলটাইম ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। তখন থেকে শুধুমাত্র জোয়ারের সময় ফেরি চলতো। বাকি সময় ফেরি বন্ধ থাকত। তাই এখন থেকে দুইটি ফেরি ২৪ ঘন্টা চলাচল করবে। ফেরি ঘাটে অবশ্যই ভাড়ার চার্ট রেট থাকতে হবে, চার্ট রেট না টাঙালে কেউ ভাড়া দেবেন না। কারণ সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

মানুষের দুর্ভোগ কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি সার্ভিস চালু

প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, ফুল টাইম ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সুবিধা হবে। এছাড়া মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াতসহ কৃষিপণ্য পরিবহন সহজতর হবে। এর ফলে ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনি।

আবু হোসাইন সুমন/এফএ/এএসএম