কুড়িগ্রামের নাগেশ্বরীতে মৃত এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন
দুই নেতার দ্বন্দ্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় তালাবদ্ধ
একই কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (২০ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমান সই করা রামখানা ইউনিয়ন বিএনপির কমিটি প্রকাশ করা হয়। এতে ১৮ নম্বর সদস্য হিসেবে রামখানা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের নাম রয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আফাজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি মারা যান। তার জানাজায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। অথচ প্রায় পাঁচ মাস পর প্রকাশিত কমিটিতে তার নাম থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
৪৫ বছর মেজর মোজাফফর কোথায় ছিলেন, কারা আশ্রয় দিয়েছে—প্রশ্ন রিজভীর
তাদের অভিযোগ, শুধু মৃত ব্যক্তিই নন; কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও জায়গা পেয়েছেন। এছাড়া গত ১৭ বছরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না, এমন অনেককে পদ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ফেসবুকে আফাজ উদ্দিনের কবর জিয়ারতের একটি ছবি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে রামখানা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা তার কবর জিয়ারত ও দোয়া করেছিলেন।’
আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী প্রায় পাঁচ মাস আগে মারা গেছেন। মৃত্যুর পরদিন বিএনপির নেতারা কবর জিয়ারত ও দোয়া করতে এসেছিলেন।’
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
নবগঠিত কমিটির আহ্বায়ক সবুর উদ্দিনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সদস্য সচিব হাশেম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন।
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘প্রয়াত আফাজ উদ্দিনকে যদি কমিটিতে রাখা হয়ে থাকে, সেটি অনাকাঙ্ক্ষিত। এই ভুলটি দ্রুত সংশোধন করার নির্দেশনা দেওয়া হবে।’
রোকনুজ্জামান মানু/এসআর/জেআইএম








