মরুভূমি, ঐতিহ্য, আধুনিক নগরজীবন আর বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে বৈশ্বিক পর্যটন মানচিত্রে নতুন অবস্থান তৈরি করছে সৌদি আরব। সেই যাত্রার সর্বশেষ সংযোজন প্যাকেজ ভিসা।
ধর্মীয় পর্যটনের গণ্ডি পেরিয়ে নিজেকে বৈশ্বিক অবকাশ, সংস্কৃতি ও অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণ গন্তব্য হিসেবে গড়ে তুলছে সৌদি আরব। সেই লক্ষ্যেই একের পর এক নতুন উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটি খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার।

এই রূপান্তরের অন্যতম চালিকাশক্তি সৌদি ট্যুরিজম অথরিটি (এসটিএ)। বিশ্বব্যাপী সৌদি আরবকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত করে তুলতে কাজ করছে সংস্থাটি। আন্তর্জাতিক প্রচারণা, পর্যটন কর্মসূচি, ভ্রমণ প্যাকেজ এবং ব্যবসায়িক সহায়তার মাধ্যমে দেশটির পর্যটন খাতকে আরও গতিশীল করে তুলছে তারা। বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে ১৬টি প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এসটিএ।
এই ধারাবাহিকতায় সৌদি আরব চালু করেছে ‘প্যাকেজ ভিসা’ নামে একটি নতুন ডিজিটাল উদ্যোগ। এর মাধ্যমে ট্যুর বুকিংয়ের সঙ্গে একীভূত হয়েছে ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া। প্রাথমিকভাবে বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে এটি আরও বিস্তৃত পরিসরে চালু করা হবে।

সৌদি ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি এই উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটন ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালুর পর এবার ‘প্যাকেজ ভিসা’ সংযোজন পর্যটকদের জন্য আরও সহজ ও সমন্বিত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। উল্লেখ্য, ২০২৫ সালে ২ কোটি ৯০ লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক সৌদি আরব ভ্রমণ করেছেন।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, “সৌদি আরবের পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সৌদি সফরকে আরও সহজ ও নির্বিঘ্ন করার অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন এই ‘প্যাকেজ ভিসা’। ট্যুর বুকিংয়ের সঙ্গে ভিসার আবেদন প্রক্রিয়াকে একীভূত করার ফলে পর্যটকদের পুরো যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি সৌদিকে আরও সহজে ভ্রমণযোগ্য বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে এই উদ্যোগ।”

‘প্যাকেজ ভিসা’র মাধ্যমে সৌদি সফরের পরিকল্পনা আরও সহজ হবে। আলাদাভাবে ফ্লাইট, আবাসন ও ভিসার ব্যবস্থা করার পরিবর্তে ভ্রমণকারীরা সবকিছু একসঙ্গে বুক করতে পারবেন। পাশাপাশি নিজস্ব চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, কার্যক্রম ও ট্যুর অভিজ্ঞতাও যুক্ত করার সুযোগ থাকবে।
এই উদ্যোগ অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে। আকর্ষণীয় ট্যুর প্যাকেজ তৈরির পাশাপাশি গ্রাহকসেবা আরও উন্নত করা, পর্যটকদের দীর্ঘকালীন অবস্থান নিশ্চিত করা এবং আরও সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে এর মাধ্যমে।

তবে ‘প্যাকেজ ভিসা’ শুধুমাত্র সেইসব অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে পাওয়া যাবে, যারা নির্ধারিত সেবার মান পূরণ করে এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা প্রদান করে থাকে।








