ইউক্রেনের ধারাবাহিক দূরপাল্লার ড্রোন হামলা এবং ন্যাটোর সহায়তায় নতুন প্রজন্মের ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের কারণে প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কোর চারপাশে নতুন একটি আকাশ প্রতিরক্ষা বলয় নির্মাণের তথ্য উঠে এসেছে স্যাটেলাইট চিত্রে। নতুনভাবে প্রস্তুত করা হয়েছে অন্তত পাঁচটি প্রতিরক্ষা অবস্থান। এসব স্থান দীর্ঘপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মোতায়েনস্থল হিসাবে চিহ্নিত হয়েছে। কয়েকটি স্থানে এর মধ্যে এস-৪০০-এর লঞ্চার এবং সংশ্লিষ্ট সামরিক যান মোতায়েন করা হয়েছে বলে স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। এতে ধারণা করা হচ্ছে, নতুন প্রতিরক্ষা বলয়টি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে অথবা খুব শিগ্গিরই পূর্ণাঙ্গভাবে চালু হবে। রয়টার্স।








