চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাথায় গাছের ডাল পড়ে আহত হওয়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মাতব্বর (২০)।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

সাইফুল ইসলাম উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর দরবারী বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলাম মাতব্বরের ছেলে। তিনি রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহত সাইফুল ইসলামের চাচাতো ভাই বখতেয়ার মাতব্বর জানান, গত ১৮ জুন সকালে ঝড়ে ভেঙে পড়া একটি গাছ কাটার সময় পাশে দাঁড়িয়ে ছিলেন সাইফুল। এ সময় গাছের একটি ডাল তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

সাইফুল ইসলামের মৃত্যুতে উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমআরএএইচ/এসএনআর