আর্জেন্টিনা ফুটবল দলের নিবেদিত সমর্থক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশ্বকাপজুড়ে প্রিয় দলের প্রতিটি ম্যাচ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করছেন তিনি। মঙ্গলবার মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর ম্যাচটি তিনি উপভোগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে।

দলের গোল হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের আশা রেস্টুরেন্টে বড় পর্দায় ম্যাচটি দেখছেন চঞ্চল চৌধুরী। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক অমিত হাসান এবং জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আর্জেন্টিনার দ্বিতীয় গোল হতেই তিনজনের প্রাণখোলা উদ্‌যাপন নজর কাড়ে উপস্থিত দর্শকদের।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘আর্জেন্টিনার দ্বিতীয় গোলে চঞ্চল চৌধুরী, অমিত হাসান ও সাদাত হোসাইনের বাঁধভাঙা উচ্ছ্বাস; নিউইয়র্কের আশা রেস্টুরেন্টে বড় পর্দায় বিশ্বকাপ।’

ম্যাচ শেষে ফেসবুকেও নিজের অনুভূতি প্রকাশ করেন চঞ্চল। তিনি লেখেন, ‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না, সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি, বিন্দুমাত্র উল্লাস করিনি।’

এরপর তিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের প্রসঙ্গ টেনে লেখেন, ‘আমরা সৌভাগ্যবান প্রজন্ম। কারণ একই সময়ে অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা একাধিক বিশ্বকাপে দেখার সুযোগ পেয়েছি। হয়তো আগামী বিশ্বকাপে নেইমার, রোনালদো, এমবাপ্পে কিংবা মেসির মতো তারকাদের আর দেখা যাবে না। কিন্তু তাঁদের অসাধারণ ফুটবল আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।’

পোস্টের শেষদিকে লিওনেল মেসির জন্য শুভকামনা জানিয়ে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন এই অভিনেতা। পাশাপাশি ফুটবলকে উপভোগ করার এবং প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান ভক্তদের।

 

এমআই/এলআইএ