টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ডাবাইল বিলে অভিযান চালিয়ে মাছ শিকারের ৬০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মৎস্য সংরক্ষণ আইনের আওতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখিপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শীলা।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ডাবাইল বিলে দেশি প্রজাতির মাছ রক্ষায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের ৬০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় জালের মালিকদের কাউকে পাওয়া যায়নি। ধ্বংস করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামানসহ মৎস্য দপ্তর ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে সখিপুরে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে