রাজবাড়ী শহরের বিনোদপুর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বাজারের ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশ।

সকালে ওই ময়লার ভাগাড়ে বোতল কুরাতে গিয়ে একটি বাজারের ব্যাগে লাল কাপড়ে মোড়ানো মরদেহটি দেখতে পায় মো. হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। পরে তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

হাবিবুর রহমান বলেন, ‘সকালে ময়লার স্তূপে বোতল কুড়াতে এসে একটি বাজারের ব্যাগ পাই। ব্যাগ খুলে দেখি রক্তমাখা লাল ও সাদা কাপড়। তখন কাপড় টান দিয়ে দেখি মৃত একটি ছেলে শিশু। পরে পাশের চায়ের দোকানে জানাই। নবজাতকের মাথা সহ কয়েক স্থানে আঘাতের চিহ্ন আছে।

মানিক সরদার, নান্নু কাজী সহ কয়েকজন বলেন, ‘কত মানুষ একটি বাচ্চার জন্য কান্নাকাটি করেন। এ বাচ্চাটাকে কেন মারলো। কাউকে দিলেও পারতো। পাশে সিসি ক্যামেরা আছে। যারা কাজটি করেছে, তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘একটি নবজাতককে কাপড়ে পেঁচিয়ে বাজারের ব্যাগের মধ্যে ময়লার স্তূপে কেউ ফেলে রেখে গেছে। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।’

রুবেলুর রহমান/কেজে/এএসএম