গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। জানা যায়, গভীর রাতে হাসপাতালের ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক আয়া। বিষয়টি তিনি নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারের পরপরই নবজাতককে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান বলেন, নবজাতকটি সুস্থ আছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই ইউএনও উম্মে হাফছা নাদিয়া এবং পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে হাসপাতালে ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।