নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে সড়কের পাশে ময়লার স্তূপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের মাধবদীর খরমর্দী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি সপরিবার মাধবদীর বিরামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত রোববার বিকেলে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত। এরপর আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে খরমর্দী এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা গেছে তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে অন্য কোনো স্থানে পিটিয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে।ওসি আরও জানান, নিহত দিগন্ত মাদকসেবী হওয়ায় তাকে সংশোধনের জন্য পুলিশ নিজেদের সঙ্গে রাখত। একই সঙ্গে চিহ্নিত মাদক কারবারিদের ধরতে তার সহযোগিতা নেওয়া হতো। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।