ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এই হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া আমানত আলী গত ২৬ আগস্ট সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। ডেঙ্গু ছাড়াও তিনি অন্যান্য জটিলতায় ভুগছিলেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ জন। হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছেন ৯০ জন। এরমধ্যে পুরুষ ৬০, নারী ২২ ও শিশু ৮ জন। ভর্তিকৃত রোগীদের মধ্যে একজন আইসিইউতে আছেন। বাকিদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
চিকিৎসক মো. সেলিম উদ্দিন জানান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১ হাজার ৩২৬ জন চিকিৎসা নিয়েছেন।








