কুমিল্লার মেঘনায় এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের অভিভাবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। জানা যায়, উপজেলার নয়াগাঁও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ের বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তা বন্ধ করে দেন এবং কনের মা শাহিনুর আক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়মসহ বিধিবহির্ভূতভাবে নিকাহ রেজিস্ট্রি কার্যক্রম পরিচালনা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল ওয়াহাব স্বাক্ষরিত পত্রে এ তথ্যটি নিশ্চিত করা হয়।







