বরিশালের মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। আজ শনিবার মেহেন্দীগঞ্জ থানা চত্বরে ১৬ লাখ ৪৫ হাজার টাকায় গরুগুলো বিক্রি করা হয়। বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম সম্পন্ন হয়।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত থানা-পুলিশের বিশেষ অভিযানে দড়িচর খাজুরিয়ার বামনেরচরসহ বিভিন্ন এলাকা থেকে ২৮টি বেওয়ারিশ গরু উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে কেউ গরুর মালিকানা দাবি না করায় থানার তত্ত্বাবধানে গরুগুলো পালন করা হয়েছিল। এ নিয়ে থানা-পুলিশের বাড়তি দায়িত্বও ছিল। পরে আদালতের শরণাপন্ন হলে ২৬ জুলাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গরুগুলো নিলামে বিক্রির আদেশ দেন।
আদালতের আদেশ মোতাবেক আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিলামে ২৮টি গরু বিক্রি করা হয়। এ সময় গরুগুলো ক্রয়ের জন্য নোয়াখালী, বরিশাল, চরমোনাইসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ক্রেতারা থানা চত্বরে এসেছিলেন।








