শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে মোটরসাইকেল রপ্তানি শুরু করেছে। গুয়াতেমালায় সফলভাবে হোন্ডা মোটরসাইকেল রপ্তানির পর বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ‘হোন্ডা এনএক্স২০০’ রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজার প্রসারিত করে চলেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান বলেন, ‘সরকার টেকসই ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিজ্ঞাবদ্ধ। যা উৎপাদন, রপ্তানি এবং বিনিয়োগকে উৎসাহিত করে। মেক্সিকোতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ‘হোন্ডা এনএক্স২০০’ রপ্তানি উল্লেখযোগ্য অর্জন। যা রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক স্বীকৃতিতে অবদান রাখছে।’
আরও পড়ুন
নারীদের জন্য সেরা ৫ স্কুটার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি মনে করেন, এটি আন্তর্জাতিক বাজারে উচ্চমানের পণ্য সরবরাহে বাংলাদেশের মোটরসাইকেল শিল্পের ক্রমবর্ধমান সক্ষমতার অংশ।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মি. সুসুমু মরিসাওয়া বলেন, ‘মেক্সিকোতে রপ্তানি ব্যবসার প্রসারণ উৎপাদন সক্ষমতার ধারাবাহিক উন্নতি, গুণগতমান নিশ্চিতকরণ এবং প্রচেষ্টার প্রতিফলন। গুয়াতেমালায় সফল রপ্তানির পর মেক্সিকোতে রপ্তানি অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত। এ অর্জন বৈদেশিক রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করবে।’
আরও পড়ুন
বাড়িতে বাইক ধোয়ার সময় এই ভুল করছেন না তো?
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মি. শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘মেক্সিকোতে হোন্ডা রপ্তানি একটি গর্বের মাইলফলক। যা বাংলাদেশের ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতা এবং হোন্ডার বৈশ্বিক মানকে ফুটিয়ে তোলে। বাংলাদেশের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সাহায্য করে।’
এসইউ





