আফ্রিকার এতটুকু একটি দ্বীপদেশ কেপ ভার্দে নিজেদের প্রথম বিশ্বকাপেই তাক লাগিয়ে দিয়েছে নকআউট পর্বে উঠে। শেষ বত্রিশে তাদের সামনে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক অভিষেকের পর এবার পাঁচ লাখের কিছু বেশি জানসংখ্যার এই খুদে দ্বীপদেশ প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে লিওনেল মেসিকে। ৪ জুলাইয়ের সেই ম্যাচের ফল কেপ ভার্দেবাসীর কাছে গৌণ। তাদের ফুটবলররা নিজেদের দেশকে তুলে ধরেছেন বিশ্ব মানচিত্রে। এটাই তাদের গর্ব। রূপকথার ইতিহাস লেখার পর স্বপ্নের ফুটবলারকে প্রতিপক্ষ হিসাবে পাওয়া ভোজিনিয়াদের জন্য আরেকটি আনন্দের উপলক্ষ্য। তাই শেষ বত্রিশের ম্যাচ শুরুর আগে মেসিকে একটি বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। কী সেই বিশেষ উপহার? কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি। জার্সির পেছনে লেখা থাকবে আর্জেন্টাইন মহাতারকার নাম। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রতি সম্মান জানাতেই কেপ ভার্দের রাষ্ট্রপ্রধানের এই বিশেষ উদ্যোগ।








