অনেক দিন ধরেই আর্জেন্টিনাকে বলা হয় লিওনেল মেসির দল। কেন, তার ব্যাখ্যা শুধুই শব্দের অপচয়। ৩৯ বছর বয়সেও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ আট গোল করে আর্জেন্টাইন জাদুকর বুঝিয়ে দিয়েছেন, সমকাল ছাপিয়ে তিনি এখন মহাকালের নায়ক। মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সের পরও নিন্দুকরা হঠাৎ বলতে শুরু করেছেন আর্জেন্টিনা হলো ফিফার দল! প্রতি ধাপেই সহজ প্রতিপক্ষ ও বিতর্কিত রেফারিংয়ের সিদ্ধান্তগুলো মেসিদের পক্ষে যাওয়ায় যুক্তি মানতে নারাজ সমালোচকদের মনে এমন বিশ্বাস জন্মেছে যে, আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে পর্দার আড়ালে কলকাঠি নাড়ছে ফিফা। আর্জেন্টিনার ঝলমলে পারফরম্যান্সই পারে এমন ভ্রান্ত ধারণা নিয়ে চর্চা থামাতে। নকআউটের প্রথম দুই পরীক্ষায় ধুঁকতে ধুঁকতে উত্তীর্ণ হওয়া আর্জেন্টিনার সামনে এবার ‘সুইস গেট’ খুলে সেমিফাইনালের মঞ্চে প্রবেশের চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটিতে শেষ আটের শেষ দ্বৈরথে গ্রানিত জাকার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।
সাদা চোখে এবার সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার পথটা হওয়ার কথা ছিল মসৃণ। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা সেটিকে বন্ধুর বানিয়ে ফেলেছে। শেষ বত্রিশে পুঁচকে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারাতে ১২০ মিনিট লড়তে হয়েছে তাদের। শেষ ষোলোতে বিদায়ঘণ্টা প্রায় বেজে গিয়েছিল। মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা পরের ১৪ মিনিটে তিন গোল করে তুলে নেয় অবিশ্বাস্য জয়। পেনালটি মিসের পর একটি করে গোল ও অ্যাসিস্টে আরেকবার দলকে বাঁচিয়েছেন মেসি। কিন্তু তার একার কাঁধে ভর করে কত দূর যেতে পারবে লিওনেল স্কালোনির দল? শেষ আটে সুইজারল্যান্ডের বাধা পেরোতে নিজেদের করণীয়টা জানালেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, ‘এবার আমাদের একসঙ্গে জ্বলে ওঠার সময় এসেছে। লিওর নেতৃত্বেই আমরা দেখিয়ে দেব আর্জেন্টিনা কেন বিশ্ব চ্যাম্পিয়ন।’
লাতিন আমেরিকার দল কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে পা রাখা সুইজারল্যান্ড এবারের আসরে এখনো অপরাজিত। তবে আগের সাত দেখায় আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি সুইসরা। পাঁচটিতে হেরেছে, দুটি হয়েছে ড্র। বিশ্বকাপে সুইজারল্যান্ডের আগের দুই ম্যাচেই হারানো আর্জেন্টিনা এবারও ফেভারিট। অন্যদিকে সুইজারল্যান্ড লিখতে চায় নতুন গল্প। মেসিদের বিদায় করে বিশ্ব কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে তারা। আলাদাভাবে চলছে টাইব্রেকারের অনুশীলন। আর্জেন্টিনাকে অজেয় দল মানতে নারাজ সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এটা এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় দল নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি।’








