রংপুর বিভাগের একমাত্র বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেবা এখন চরম সংকটে। কিডনি রোগীদের জন্য নির্ধারিত ২৬টি মেশিনের মধ্যে ৩টি দীর্ঘকাল ধরে বিকল। বাকি ২৩টি মেশিনের আয়ুষ্কাল ৫ বছর আগেই শেষ হয়ে গেছে। জরাজীর্ণ এসব মেশিন দিয়ে প্রয়োজনীয় ৪ ঘণ্টার ডায়ালাইসিস ৩ ঘণ্টাও করা সম্ভব হচ্ছে না। ফলে জীবন-মৃত্যুর ঝুঁকিতে পড়েছেন শত শত দরিদ্র রোগী।রংপুর বিভাগের ৮ জেলার কিডনী রোগে আক্রান্ত রোগীদের ডায়ালাইসিস করার জন্য ২০১০ সালে ৩৯টি মেশিন নিয়ে ডায়ালাইসিস ওয়ার্ডের যাত্রা শুরু হয়। এর মধ্যে ১৩টি মেশিন আগেই পুরোপুরি অকেজো হয়ে গেছে। বর্তমানে কোনোমতে সচল থাকা ২৩টি মেশিন গত ১৬ বছর ধরে চলছে। চিকিৎসকদের আশঙ্কা, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব মেশিন দিয়ে রোগীদের সঠিক মাত্রায় ডায়ালাইসিস হচ্ছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।সংশ্লিষ্ট ওয়ার্ডের এক কর্মকর্তা জানান, প্রতিদিন ৩ শিফটে ৭২ জন রোগীকে সেবা দেওয়া সম্ভব। অথচ রংপুর বিভাগের ৮ জেলা থেকে গড়ে প্রতিদিন ১০০ জনের বেশি রোগী ডায়ালাইসিসের জন্য আসেন। সরকারি এই হাসপাতালে ২০ হাজার টাকায় ৬ মাস (সপ্তাহে ৩ দিন) ডায়ালাইসিস করা যায়। অন্যদিকে বেসরকারি ক্লিনিকে একবার ডায়ালাইসিস করাতেই খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। ফলে স্বল্প আয়ের মানুষের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতাল। কিন্তু সরঞ্জামের অভাবে প্রতিদিন অসংখ্য রোগীকে ফিরে যেতে হচ্ছে।ডায়ালাইসিস ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, প্রতিটি সেশনে অন্তত ৪ ঘণ্টা ডায়ালাইসিস করা বাধ্যতামূলক। কিন্তু লক্কর-ঝক্কর মেশিনগুলো এক-দুই ঘণ্টা চলার পরই মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়। রোগীর চাপ সামলাতে ও মেশিনের সমস্যার কারণে অনেক সময় বাধ্য হয়ে ৩ বা সাড়ে ৩ ঘণ্টায় ডায়ালাইসিস শেষ করে রোগীদের বিদায় করা হচ্ছে। এতে রোগীরা অপূর্ণাঙ্গ চিকিৎসার কারণে শারীরিক জটিলতায় ভুগছেন।ডায়ালাইসিস ওয়ার্ডের ইনচার্জ আনিসুর রহমান বলেন, ‘২৩টি মেশিনের আয়ু ৫ বছর আগেই শেষ হয়ে গেছে। কোন রকমে চলছে মেশিনগুলো। এদিকে রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা সবাইকে ডায়ালাইসিস সেবা দিতে পারছিনা।’ তিনি জরুরী ভিত্তিতে নতুন ডায়ালাইসিস মেশিন স্থাপন করার দাবি জানান। সেই সাথে জনবল সংকট সমাধান করারও কথা বলেন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল মোকাদ্দেম সমস্যার কথা স্বীকার করে বলেন, ডায়ালাইসিস মেশিনের সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।\'
রাজনীতি
মেয়াদোত্তীর্ণ মেশিনে ধুঁকছে রংপুরের ডায়ালাইসিস সেবা

শেয়ার করুন







