রাজধানীর পল্লবীতে আলমগীর নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলিবিদ্ধ হয়েছে চিকিৎসাধীন। আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জে বিএনপির সদস্য বলে জানা গেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর–১১ নম্বর এলাকায় মিল্লাত ক্যাম্পের সামনে ঘটনা ঘটে। এই ঘটনায় এক পথচারী নারী আহত হয়েছেন বলে জানা গেছে।
আলমগীরের চাচা মো. আশিক জানান, আলমগীরের বাসা মিরপুর সেকশন ১১ এর ৩ নম্বর রোডে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বিএনপির সদস্য। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।
আশিক আরও জানান, বিকেলে মিল্লাত ক্যাম্পের সামনে প্রাইভেটকারে চারজন এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলি আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে বিদ্ধ হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ইসালামিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
স্বজনদের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ এবং হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন তারা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আলমগীর নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। তিনি মাথাসহ কয়েক অংশে গুলিবিদ্ধ হয়েছেন।







